Blog
নিউইয়র্কে সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫
নিউইয়র্কে সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫। ২১–২২ নভেম্বর ডাবল ট্রি বাই হিলটন, লাগার্ডিয়া এয়ারপোর্টে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
দেশি-বিদেশি ৪০টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। ব্যাংকিং, রিয়েল এস্টেট, আইটি–টেক, ইনভেস্টমেন্ট, মর্টগেজ, রেস্টুরেন্ট ও CPA সার্ভিসসহ বিভিন্ন সেক্টরের উপস্থিতিতে এক্সপোটি জমজমাট হয়ে ওঠে।
উদ্বোধন করেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার। তিনি বলেন—“বাংলাদেশি কমিউনিটি ব্যবসা ও নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই ধরনের উদ্যোগ দুই দেশের বাণিজ্যকে আরও শক্তিশালী করবে।”
এক্সপোতে ছিল B2B মিটিং, ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং সেশন এবং গ্লোবাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস। এসব কার্যক্রমে যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ী, নীতিনির্ধারক ও প্রবাসী উদ্যোক্তারা সক্রিয়ভাবে অংশ নেন।
USBCCI প্রেসিডেন্ট মোঃ লিটন আহমেদ জানান—বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে সরাসরি ব্যবসায়িক সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছে। তিনি বলেন,
“এই প্ল্যাটফর্ম ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে।”
দুই দিনব্যাপী এই আয়োজনে প্রযুক্তি, রিয়েল এস্টেট, ব্যাংকিং ও SME সেক্টরের স্টলগুলোতে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায়। আয়োজক USBCCI সকল অংশগ্রহণকারী ও অতিথিকে ধন্যবাদ জানিয়ে প্রদর্শনীর সমাপনী ঘোষণা করে।